বড়লেখায় খালে ভাসছিল নবজাতকের মরদেহ, নৃশংসতায় ক্ষুব্ধ স্থানীয়রা।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পূর্ব মনারাই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট খাল থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
শনিবার ৫ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা খালের পানিতে নবজাতকের মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় লোকজন। তাদের ধারণা, শিশুটির বয়স মাত্র এক-দুই দিন হতে পারে। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানিতে ভাসমান নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, কোনো ব্যক্তি নবজাতক শিশুটিকে জন্মের পরপরই পানিতে ফেলে দিয়ে থাকতে পারেন। এমন নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা শাহিন আহমদ বলেন, “খালের পানিতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে আমরা হতবাক হয়ে যাই। এত ছোট একটি শিশুর সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা উচিত।”
আরেক বাসিন্দা জমির উদ্দিন বলেন, “শিশুটির কী অপরাধ ছিল? জন্মের পরপরই তাকে এভাবে পানিতে ফেলে দেওয়া অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা চাই পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন করুক এবং দায়ীদের আইনের আওতায় আনুক।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। নবজাতকের মরদেহ কীভাবে খালে এলো এবং এর পেছনে কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ।

























