পিরোজপুরের মঠবাড়িয়ায় শারদীয় দুর্গোৎসবের বরিশালের ঐতিহ্যবাহী
রাজ মন্দিরে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী।
অষ্টমীর পূজার দিনে মন্দির প্রাঙ্গণে তিনি ফটোসেশন করেন। এ সময় তাকে শুভেচ্ছা জানান রাজ মন্দিরের প্রতিষ্ঠাতা ও অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. সুদীপ কুমার হালদার এবং তার স্ত্রী ডা. স্নিগ্ধা চক্রবর্তী।
আবহমান বাংলার ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রীতির আবহে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুত পিরোজপুর জেলা। এ বছর জেলার সাতটি উপজেলায় মোট ৪৬২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের ঐতিহ্যবাহী ‘রাজ মন্দির’ সাজিয়েছে ব্যতিক্রমী আয়োজন।
বরিশাল বিভাগ তথা দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় পূজামণ্ডপ হিসেবে পরিচিতি পাওয়া এই মন্দিরে ভারতের মন্দিরশিল্পের আদলে টেরাকোটায় তৈরি করা হয়েছে জোড়া প্রতিমা। পাশাপাশি মোট ১৬০টি প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেবী দুর্গার নানা রূপ। বর্ণিল সাজসজ্জা, ঐতিহ্যবাহী নির্মাণশৈলী ও প্রতিমার বৈচিত্র্যে মন্দিরটি ইতোমধ্যে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
অষ্টমীর দিনে অভিনেত্রী পূজা চেরীর আগমন ও ফটোসেশন মন্দিরের উৎসবের আবহে যোগ করেছে বাড়তি আকর্ষণ। তার উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।






























