জামালপুর প্রতিনিধি: সৌরভ আহমেদ শরীফ
‘সুস্থ-সবল গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে কম্পপুর মধ্যেপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহসভাপতি ও জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শামীম আহম্মেদ। খেলার উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জামালপুর ইউনিটের সেক্রেটারি ও জেলা যুবদলের সম্মানিত সদস্য মো. খায়রুল ইসলাম লিয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা জজকোর্টের নায়েব নাজির মো. আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান জিলানী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আক্তারুজ্জামান।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এ ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ-সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
তারা আরও বলেন, এলাকার তরুণদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও যুবসমাজকে সঙ্গে নিয়ে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।




























