বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর কালুখালীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ র্যালিতে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে অংশ নেন কালুখালী উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রোজেল পারভেজ রানা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।
পরে কালিকাপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি শোভাযাত্রা নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশ নেন। শোভাযাত্রায় বিপুলসংখ্যক মোটরসাইকেল ছিল। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক মো. রোজেল পারভেজ রানা।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে রোজেল পারভেজ রানা বলেন, বিএনপি গণমানুষের দল। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিকাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নিয়েছেন। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদের রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে তারা পাশে থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিএনপির আদর্শ ও নেতৃত্বকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে কালিকাপুর ইউনিয়নের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















