প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য: ৬৮নং রায়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ কৃতী শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা। বিদ্যালয়টি অবস্থিত ইশ্বরগঞ্জ উপজেলাধীন ময়মনসিংহ জেলা।
শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ, মেধা ও মননে গড়ে উঠুক সম্ভাবনাময় প্রজন্ম—এমনই এক প্রত্যাশা ও আনন্দঘন পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখা ১১ জন মেধাবী শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার ৬৮নং রায়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার এক মিলনমেলায়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আক্তার। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মকবুল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল আলম খোকন, রায়বাজার বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম এবং সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসার এনটিআরসিএ-নিয়োগপ্রাপ্ত ইংরেজি শিক্ষক মো. সোলেমান মিয়া। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন অপূর্ব নন্দিসহ আরও অনেকে।
জানা যায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বিদ্যালয়টি থেকে মোট ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জনের গৌরব লাভ করে। কৃতিত্বের এ তালিকায় ৫ জন ট্যালেন্টপুল এবং ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। অর্থাৎ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭৯ শতাংশই বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সাফল্যের মুকুটে যুক্ত করেছে এক উজ্জ্বল পালক।
বক্তারা তাঁদের বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তাঁরা বলেন, আজকের এই অর্জন কেবল কয়েকজন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; বরং এটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠা, অভিভাবকদের নিরলস সহযোগিতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায় ও স্বপ্নজয়ের সম্মিলিত প্রতিফলন। এই সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের জন্য হয়ে উঠুক অনুপ্রেরণার বাতিঘর।
তাঁরা আরও বলেন, মেধার বিকাশ ও শিক্ষার গুণগত উৎকর্ষ নিশ্চিত করতে নিয়মিত অধ্যয়ন, সুশৃঙ্খল প্রস্তুতি, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সচেতন ভূমিকার কোনো বিকল্প নেই। আগামীর বৃত্তি পরীক্ষার্থীদেরও নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষ পর্বে বৃত্তিপ্রাপ্ত ১১ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। করতালি, শুভেচ্ছা ও আনন্দের আবহে কৃতী শিক্ষার্থীদের এই স্বীকৃতি অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে সৃষ্টি করে এক আবেগঘন মুহূর্ত।
একটি বিদ্যালয়ের প্রকৃত সার্থকতা শুধু তার অবকাঠামো কিংবা প্রাতিষ্ঠানিক পরিচয়ে নয়, বরং তার শিক্ষার্থীদের জ্ঞান, মেধা, নৈতিকতা ও সাফল্যের মধ্যেই নিহিত। রায়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জন সেই সত্যকেই যেন নতুন করে প্রতিষ্ঠিত করল।
১১টি সাফল্যের গল্প আজ ১১টি আলোকবর্তিকা—যাদের হাত ধরেই আগামী দিনে আলোকিত হবে পরিবার, সমাজ ও দেশ।




























