আবাসিক পলিসি হ্যাকাথনে রানার্সআপ হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর যৌথদল।
মানবাধিকার বিষয়ক ঢাকাভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সপ্রাণ ও ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার (৯ নভেম্বর) সমাপনী দিনে বিজয়ী দলগুলোর নাম ঘোষণা করা হয়।
জানা যায়, ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেতি বিজয়ীদের নাম ঘোষণা করেন। দুই দিনব্যাপী প্রশিক্ষণ, নীতি ও কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং চূড়ান্ত নীতিগত ও আইনি প্রস্তাবনা পর্যালোচনা শেষে বিজয়ী দল নির্বাচন করা হয়।
সারা দেশ থেকে দুই শতাধিক দলের অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতায় প্রাথমিক বাছাই শেষে মাত্র সাতটি দল ঢাকায় অনুষ্ঠিত আবাসিক পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।
বাকৃবি-বিইউপি যৌথ দলটিতে ছিলেন- বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী এম রাফিউল বাহার রাফি, ফাওযিয়া তাহসিন ও তাপসী রাবেয়া এবং বিইউপির ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিউল বাহার।
যৌথ দলটি ওপেন সোর্স ফটোজার্নালিজম ও গণমাধ্যমের গণতন্ত্রীকরণে এর প্রভাব, সংশ্লিষ্ট আইনি ও নীতিগত প্রতিবন্ধকতা, সাইবার নিরাপত্তা এবং ডেটা সায়েন্সভিত্তিক বিশ্লেষণ নিয়ে প্রস্তাব উপস্থাপন করে। পাশাপাশি এ খাতের সম্ভাব্য ব্যবসায়িক দিক বিবেচনায় নিয়ে নীতি ও কৌশলগত সুপারিশ তুলে ধরে বলে জানান দলের সদস্যবৃন্দ।
পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে এম রাফিউল বাহার রাফি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর তরুণদের মধ্যে পলিসি মেকিং ও গভর্ন্যান্সে যুক্ত হওয়ার আগ্রহ বেড়েছে। তবে এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার ঘাটতি রয়েছে। পলিসি হ্যাকাথন সেই ঘাটতি পূরণে প্রশিক্ষণ ও দিকনির্দেশনার সুযোগ করে দিয়েছে। সারা দেশের বিভিন্ন দলের মধ্যে নির্বাচিত ও রানার্সআপ হওয়ার আনন্দের পাশাপাশি সবচেয়ে বড় প্রাপ্তি হলো, অল্প সময়ে নীতিমালা প্রণয়ন ও বাস্তব প্রকল্পে এর প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে শেখা। এই অভিজ্ঞতা ভবিষ্যতে পলিসি নিয়ে কাজ করতে আমাদের আরও দক্ষ করে তুলবে।
























