বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগ
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু মোটাতাজাকরণ বিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বেলকুচি উপজেলা মৎস্য প্রশিক্ষণ কাম কমিউনিটি সেন্টারে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামসহ উপজেলা যুব উন্নয়ন অফিসের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো শিক্ষিত বেকার যুবকদের গরু মোটাতাজাকরণ বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা প্রদান করা, যাতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরাই উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন। পাশাপাশি প্রাণিসম্পদ খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী হওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ বেকার যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



























