বড়লেখা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার এবং স্থানীয় পৌর বিএনপির নেতৃবৃন্দ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিন থেকে বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের তালিকায় অন্তর্ভুক্তির জন্য পরিবারের নারীপ্রধানের উপস্থিতি প্রয়োজন হবে। এ সময় আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি), নিজের আঙুলের ছাপের মাধ্যমে নিবন্ধিত মোবাইল সিম এবং নিজের নামে নিবন্ধিত বিকাশ অথবা নগদ অ্যাকাউন্টের নম্বর প্রস্তুত রাখতে হবে।
এছাড়া পরিবারের ১৮ বছর বা তার বেশি বয়সী সদস্যদের জাতীয় পরিচয়পত্র এবং ১৮ বছরের কম বয়সী সদস্যদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে দেওয়া এক বার্তায় উপজেলার সর্বস্তরের বাসিন্দাদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রেখে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ফ্যামিলি কার্ডের তালিকা প্রস্তুত করা হবে। তাই এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।






























