পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, জামায়াতের উপজেলা সভাপতি মহির উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব উল আলম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঙ্গীত কুমার পাল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি পরিমল কুমার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দে এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—
প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পাহারার ব্যবস্থা নিশ্চিত করা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।
পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।
বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটিগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভাঙ্গুড়া উপজেলার সবকটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।



























