নওগাঁর বদলগাছীতে চলতি বছরের প্রথম নয় মাসে ২৫ জনের আত্মহত্যা এবং ছয়টি হত্যাকাণ্ডের তথ্য উঠে এসেছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ—বিভিন্ন বয়সী মানুষের আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সভায় উপস্থিত সদস্যরা। একই সঙ্গে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার ও আইনগত ব্যবস্থা কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনার সময় এসব তথ্য তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
সভায় জানানো হয়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে উপজেলায় মোট ২৫ জন আত্মহত্যা করেছেন। এ সময়ের মধ্যে ছয়টি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আত্মহত্যার প্রবণতা কমাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক চাপ, হতাশা, আচরণগত পরিবর্তন ও বিভিন্ন ধরনের মানসিক সমস্যার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আরও সতর্ক নজরদারি প্রয়োজন বলে সভায় আলোচনা হয়। শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাদের সমস্যাগুলো চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী পরিবার ও সংশ্লিষ্টদের অবহিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
অন্যদিকে, ছয়টি হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সম্ভাব্য অপরাধের বিষয়ে স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সভায় কৃষকদের চলমান সারসংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ার অভিযোগ নিয়ে আলোচনা হয়। অনেক কৃষককে ঘণ্টার পর ঘণ্টা ডিলারের দোকানে অপেক্ষা করেও পর্যাপ্ত সার না পেয়ে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে হচ্ছে বলে সভায় জানানো হয়।
সভায় আশঙ্কা প্রকাশ করা হয়, চলতি মাসের তুলনায় আগামী মাসে কৃষকদের সারের চাহিদা আরও বাড়তে পারে। সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সার বরাদ্দের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে বদলগাছী উপজেলায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ার বিষয়টিও সভায় আলোচনায় আসে। সভায় জানানো হয়, কুকুরের কামড়ে শিশু-সহ সাতজন আহত হয়েছেন। এ পরিস্থিতিতে আক্রান্ত ও সন্দেহভাজন কুকুরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং কুকুরের কামড়ের শিকার ব্যক্তিদের ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
সভায় আধাইপুর এলাকায় ভাষা শেখানোর কথা বলে চীন ও জাপানে নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় চার শতাধিক ছেলে-মেয়ের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগ নিয়েও আলোচনা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ থাকার পরও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার না করার বিষয়টি নিয়ে সভায় প্রশ্ন ওঠে। পরে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায়।
তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরির বিষয়টিও সভায় গুরুত্ব পায়। বদলগাছীতে স্টেডিয়াম থাকা সত্ত্বেও শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার সুযোগ না থাকার বিষয়টি নিয়ে আলোচনা হয়। তাদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চলতি মাসেই বিভিন্ন খেলাধুলা শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেবল অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; অপরাধের কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে সামাজিকভাবে কার্যকর উদ্যোগও প্রয়োজন। বিশেষ করে শিশু-কিশোরদের আত্মহত্যা ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আত্মহত্যা ও হত্যাকাণ্ড, কৃষকদের সারপ্রাপ্তির সমস্যা, বেওয়ারিশ কুকুরের উপদ্রব, প্রতারণার অভিযোগ এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচিত বিষয়গুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল মো. মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কানিজ ফারহানাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী উপস্থিত ছিলেন।
মোঃ হাসান আলী
ক্রাইম রিপোর্টার
৩০সেপ্টেম্বর ২০২৬

























