পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিপণি ভবন, খাল ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের মঠবাড়ীয়া উপজেলা পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালনা করা হয়।
সফরের শুরুতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক। পরে পশ্চিম মিঠাকালী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।
এরপর বড় মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের অভিভাবক সমাবেশে অংশ নেন জেলা প্রশাসক। এ সময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।
এ ছাড়া ৮ নম্বর বড় মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ এবং মঠবাড়ীয়া বহুতল বিশিষ্ট বিপণি ভবন (ফিস মার্কেট) পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে মঠবাড়ীয়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে ভূমি-সংক্রান্ত সরকারি সেবা কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে মিরুখালী-সাফা খালের ভাঙ্গাপোল এবং ধানীসাফা ইউনিয়নের ভাঙ্গাপোল থেকে মিরুখালী বাজার পর্যন্ত মডেল খাল পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় খালগুলোর বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
সফরের সর্বশেষ পর্যায়ে মঠবাড়ীয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবা কার্যক্রমের বাস্তব চিত্র জানা, স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে।
জনসেবার মানোন্নয়ন, সরকারি কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে এ ধরনের সরেজমিন পরিদর্শন অব্যাহত থাকবে।































