লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মোবাইল প্রতারণা ও হ্যাকিং, পেনাল কোড এবং অন্যান্য মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
লালপুর থানা পুলিশের তথ্য মতে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন, মোবাইল প্রতারণা ও হ্যাকিং-সংক্রান্ত মামলার ২জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ১জন এবং পেনাল কোডের মামলার ৩জন রয়েছেন। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো আশিষ লাল ভৌমিক, কামরুল সরদার (৩৫), সুজন ইসলাম (৩০ ) জুয়েল রানা (৪৪), আকাশ হোসেন (২২), লিখন আহম্মেদ (১৬), নয়ন (৩৬), শাহ আলম (৪৫), মোস্তফা কামাল (৩৫), আজাহার আলী (৫০), পলাশ ইসলাম (২৫), সম্রাট আলী (২৪) ও শাকিল হোসেন (৩৮)। তাঁরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে লালপুর থানা চত্বরে প্রেস ব্রিফিং করেন নাটোরের পুলিশ সুপার মোঃ শরিফুল হক । তিনি জানান রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয়ের নির্দেশনায় রাজশাহী,পাবনা ,নাটোর , মেহেরপুর ও কুষ্টিয়ার চরাঞ্চলে বিশেষ অভিযান পরিচালিত হয় । লালপুর অঞ্চলে আমরা একশোর বেশি পুলিশ সদস্যদের নিয়ে এই অভিযানে ১৩ জনকে আটক করতে সক্ষম হয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের সহকারী পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম , বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় , লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।




























