প্লাস্টিক দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে ‘ফুড ফর প্লাস্টিক’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা সভায় অংশ নেন।
সভায় প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করার বিষয়ে অংশীজনদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
সভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।



























