পাবনার ভাঙ্গুড়ায় গলায় ফাঁস দিয়ে শাহিন আলম ওরফে সাহস (২২) নামের এক তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া গ্রামের একটি ভাড়া বাড়িতে এই ঘটনাটি ঘটে।
নিহত শাহিন আলম পাবনার বেড়া উপজেলার বনগ্রাম উত্তরপাড়া এলাকার মো. রবিউল ইসলামের ছেলে। তিনি পার-ভাঙ্গুড়া গ্রামে আঃ রাজ্জাকের বাড়িতে অন্য তৃতীয় লিঙ্গের সদস্যদের সঙ্গে একত্রে বসবাস করতেন।
নিহতের বাবা মো. রবিউল ইসলাম ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়ে জানান, রাত সাড়ে ১২টার পর মোবাইল ফোনে তিনি খবর পান যে তাঁর ছেলে নিজের শয়নকক্ষে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। পরবর্তীতে সাথে থাকা সঙ্গীরা তাঁকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ট্রলিতেই তাঁর মৃত্যু হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, সঙ্গে থাকা অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা থেকে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময় ঘরে একা থাকার সুযোগে শাহিন গলায় ফাঁস নেন। নিহতের পরিবারের দাবি, তাঁর গলায় ফাঁস নেওয়ার দাগ ছাড়া শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শোকাহত থাকায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার কারণে থানায় খবর দিতে কিছুটা দেরি হয়েছে বলে নিহতের বাবা জানান।
ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


























