লালপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার বিসর্জন
আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। উপজেলার ৪৬টি পূজামণ্ডপে পূজা-অর্চনা, আনন্দ-উৎসাহ ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এবার লালপুরে গত বছরের তুলনায় পাঁচটি পূজামণ্ডপ বেড়েছে। নতুন পাঁচটি মণ্ডপ হলো—গোপালপুর পৌরসভার শিবপুর, সিরাজীপুর,ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর , আড়বাব ইউনিয়নের বড় বাহাদিপুর এবং কদিমচিলান ইউনিয়নের ঘাটচিলান।
গোপালপুর পৌরসভায় আটটি, লালপুর ইউনিয়নে ছয়টি, ঈশ্বরদী ইউনিয়নে চারটি, আড়বাব ইউনিয়নে পাঁচটি, চংধুপইল ইউনিয়নে চারটি, বিলমাড়ীয়া ইউনিয়নে তিনটি, দুয়ারিয়া ইউনিয়নে তিনটি, ওয়ালিয়া ইউনিয়নে ছয়টি, দুড়দুড়িয়া ইউনিয়নে চারটি, অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নে একটি এবং কদিমচিলান ইউনিয়নে দুটি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়।
লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকার বলেন, আমরা সকলের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিমার বিসর্জন দেয়া হয়েছে।
লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহা বলেন, “এবারের দুর্গাপূজা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।”
পূজা উপলক্ষে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এছাড়া লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলাম , সহকারী কমিশনার ভূমি মোঃ আবীর হোসেন পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও প্রশাসনের তৎপরতায় পূজা উদযাপন এবং প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।






























