নওগাঁর ধামইরহাটে হাসপাতালের গেটের সামনে ড্রেন থেকে এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ধামইরহাট হাসপাতাল গেটের সামনের ড্রেনে নবজাতক ভেসে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে ব্যর্থ হয়। পরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী সজল কুমার মন্ডলের নেতৃত্বে পৌরসভার একটি টিম অভিযান চালিয়ে মতিবুল ফার্মেসির নিচের ড্রেন থেকে পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, গতকাল সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও দেখতে পেয়ে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে কাজ শুরু করেন এবং আজ বাচ্চাটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।
এছাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি পরে কথা বলছি।”
অমানবিক এই ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

























