নওগাঁর পত্নীতলায় ১৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সেকেন্দার আলী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর আওতাধীন শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সেকেন্দার আলীকে আটক করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের পর তাঁকে জব্দ করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।































