গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিতুমীর হলের সামনে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট ও শহীদ হাদি চত্বর এলাকাতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার সূত্রপাত বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির নির্বাচনকে ঘিরে বলে জানা গেছে। এর আগে ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাগত মণ্ডলকে ক্যাম্পাসের বাইরে ডেকে নিয়ে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে ডিবেটিং সোসাইটি ও আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
অন্যদিকে, ডিবেটিং সোসাইটির নতুন কমিটির পদ-পদবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে মেসেঞ্জারে ইমন হোসাইনের দেওয়া হুমকির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।
এরই ধারাবাহিকতায় আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী তিতুমীর হলে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের খোঁজ করতে থাকেন এবং তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও ধারণের সময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সদস্যদের সঙ্গেও আইন বিভাগের শিক্ষার্থীদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহসান সৌরভ বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে উভয় বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত বিষয়টির সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রক্টর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং নতুন কোনো সমস্যা দেখা দেয়নি।


























