পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মোঃ সিরাজ শেখ (২৬) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) সকালে পিরোজপুর জেলার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে পিরোজপুর সদর পৌরসভার রায়েরকাঠি (০২ নং ওয়ার্ড) এলাকার মৃত শাহ আলম শেখের ছেলে মোঃ সিরাজ শেখকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম আল আমীন বলেন, অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজু করেন। মামলায় গ্রেপ্তারকৃত সিরাজ শেখকে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে পিরোজপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।


























