সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে আটটি আইনশৃঙ্খলা রক্ষাকারী ও প্রশাসনিক সংস্থা। মঙ্গলবার (১০ নভেম্বর) পরিচালিত এ অভিযানে একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ১৯৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। অভিযানে জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারও অংশ নেয়।
অভিযান চলাকালে টেকনাফ থানার একটি মামলায় পরোয়ানাভুক্ত মো. কামাল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, সরকারি জায়গা দখল, সরকারি নির্দেশ অমান্য ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে দণ্ডবিধির ১৮৮ ধারায় বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে তিন মাস, একজনকে দুই মাস এবং দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, ক্যাম্পে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোহাম্মদ ছব্বির (২৮) নামের এক ব্যক্তিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
১৬ এপিবিএন জানিয়েছে, অভিযানে গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।


























