বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৬ নম্বর বুড়িগঞ্জ ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ১৩৮টি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ইউনিয়নের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের খাদ্য সহায়তা নিশ্চিত করতে নিয়মিত চাল বিতরণ করা হচ্ছে। এবারের কার্যক্রমে নতুন করে আরও ১১টি কার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কার্ড যুক্ত হওয়ায় এ দফায় মোট ১৩৮টি কার্ডধারী পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. তোহিদুর রহমান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. সেলিম এবং ইউপি সদস্য ছানোয়ার হোসেন, আব্দুল মোত্তালেব ও আবু জাফর রাজু।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ বলেন, সরকারি নির্দেশনা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগীদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবারগুলো যাতে এ কর্মসূচির সুবিধা পায়, সে জন্য তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

























