সাদ্দাম হোসেন সাজ্জাদ,
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় জামাল হোসেন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে কিশোর মো. জসিমকে উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর জসিম নিখোঁজ হয়। পরে ২৭ সেপ্টেম্বর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তার বাবা সৈয়দ আহম্মদের ইমো নম্বরে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে জসিমকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিমকে উদ্ধার এবং জামাল হোসেনকে গ্রেপ্তার করে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তার জামাল হোসেন টেকনাফের হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে গ্রেপ্তার জামাল হোসেন ও উদ্ধার কিশোর জসিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
সাদ্দাম হোসেন সাজ্জাদ
২৯-০৯-২০২৬



























