কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও ছিনতাইরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ঝোপঝাড় পরিস্কার করা হচ্ছে। মঙ্গলবার সকালে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেনের অর্থায়নে হায়দারপুল থেকে ফালগুনকরা মাজার পর্যন্ত পরিস্কার কার্যক্রম শুরু হয়। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুল হুদার নেতৃত্বে মানবিক কাজ অব্যাহত রাখতে ব্যতিক্রর্মী এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পথচারীরা।
জানা গেছে, চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুকরা মাজার থেকে হায়দারপুল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইপাশ ও ডিভাইডারে ঝোপঝাড়ের কারণে গত দুই সপ্তাহে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সিএনজি অটোরিকশার মহিলা যাত্রী ও অনেক ক্ষেত্রে চালকের সর্বস্ব লুটে নিয়েছে সংঘবদ্ধ চক্র। আতঙ্ক শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মনে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, মহাসড়কের ডিভাইডার ও দুই পাশের আগাছাগুলো লম্বা এবং ঝোপঝাড় বেশি হওয়ায় গাড়ি চলাচল কম থাকলে ফালগুনকরা মাজার থেকে হায়দারপুল পর্যন্ত ভুতুড়ে এলাকায় পরিণত হয়। ফলে ছিনতাইকারীরা সুযোগ বুঝে সিএনজি অটোরিকশা যাত্রী ও চালক থেকে প্রয়োজনীয় পন্য এবং টাকা লুটে নিয়ে যায়। সম্প্রতি ছিনতাই বেড়ে যাওয়ায় ওই এলাকায় সকলের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি অনুধাবন করে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, জননী এলপি গ্যাসের প্রোপাইটর জাকির হোসেন নিজ অর্থায়নে শ্রমিক দিয়ে মহাসড়কের পশ্চিম পাশের ঝোপঝাড় পরিস্কারের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার পরিস্কার কার্যক্রম শুরু হয়েছে।
পথচারী আবুল হোসেন বলেন, মহাসড়কের ঝোপঝাড় পরিস্কার করায় ভালো লাগছে। এখন স্বাচ্ছন্দে হাঁটতে পারবো।
রিকশা চালক এজাজ মিয়া বলেন, মহাসড়কে দ্রুতগতির গাড়ি চলাচল করায় অত্যন্ত সতর্কতার সাথে রিকশা চালাতে হয়। পশ্চিম পাশের ঝোপঝাড় পরিস্কার করায় এখন রিকশা চালানো সহজ হবে।
চৌদ্দগ্রাম নজমিয়া ফাজিল মাদরাসার ছাত্র ইশতিয়াক বলেন, আতঙ্ক নিয়ে মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে সকালে মাদরাসা ও বিকেলে পূর্ব পাশ দিয়ে হেঁটে বাড়ি যেতে হতো। ঝোপঝাড় পরিস্কার করায় এখন আতঙ্ক ছাড়াই যাতায়াত করতে পারবো। যিনি এ কাজ করছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি।
চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন বলেন, সম্প্রতি লক্ষ্য করেছি মহাসড়কের পাশে ঝোপঝাড় বেড়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। সকলের যাতায়াতের সুবিধার্থে গত বছরের ন্যায় এবারও মহাসড়কের পশ্চিম পাশের হায়দারপুল থেকে ফালগুনকরা মাজার পর্যন্ত পরিস্কার করা হচ্ছে।

























