আজ ১১ই আগস্ট, মঙ্গলবার, ২০২৬। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রওশনারা কাদের উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজ আল নূর ফারুকের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, মাহফুজ আল নূর ফারুক মূলত সহকারী শিক্ষক হিসেবে উক্ত বিদ্যালয়ে যোগদান করেছিলেন। অভিযোগ রয়েছে, ২০১৮ সালে একটি ভুয়া বি.এড (B.Ed) সনদ তৈরি করে জালিয়াতির আশ্রয় নেন তিনি। পরবর্তীতে তৎকালীন সহকারী প্রধান শিক্ষকের মৃত্যুর পর, রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির জোরে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদটি দখল করেন। শিক্ষকতা পেশায় তাঁর এ অবৈধ প্রবেশের কারণে সরকারি তহবিলের আনুমানিক ১ কোটি ১৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অভিযোগের এখানেই শেষ নয়; ২০১৪ সালের ২ জানুয়ারি পর্যন্ত একটানা ১৭ মাসের সরকারি ও বেসরকারি বেতন-ভাতা নিয়মবহির্ভূতভাবে উত্তোলন করে সরকারের প্রায় ৩ লক্ষ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি। এছাড়া, বিদ্যালয়ের আয়-ব্যয়ের ক্যাশ মেমো, হিসাবের খসড়া খাতা ও মূল ক্যাশ বই সংরক্ষণ না করে প্রতিষ্ঠানের বিশাল অংকের ফান্ড আত্মসাতের গুরুতর তথ্য সামনে এসেছে।
শিক্ষা দেওয়ার নাম করে প্রতারণার হাত বাড়িয়েছেন সাধারণ মানুষের দিকেও। কালীবাজারের বাসিন্দা রত্না নামের এক নারীকে বিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
শিক্ষকতার মতো পবিত্র পেশাকে কলঙ্কিত করা ও নানাবিধ জালিয়াতি-দুর্নীতির নিরপেক্ষ তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইতোমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার সচেতন মহল ও অভিভাবকবৃন্দ এই দুর্নীতিবাজ শিক্ষকের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন।






















