গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী ইউনিয়নের সিঙ্গিপাড়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা ফুরুন মিয়া খাঁ সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।
১৯ নভেম্বর সকাল ১০টায় সিঙ্গিপাড়ায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফুরুন মিয়া খাঁ বলেন, আমার পরিবার ও বংশপরম্পরায় আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। গত ৫ আগস্টের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন মামলা ও হামলার ভয়ে আমি বাধ্য হয়ে বিএনপিতে যোগদান করি। কিন্তু আমার মন ও মননে চিরকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের আদর্শ গভীরভাবে ধারণ করে আছি। তাই আজ থেকে সম্পূর্ণ সজ্ঞানে ও স্বইচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।
তিনি আরও বলেন, আমি একজন সাধারণ ও গরিব মানুষ। আগামী দিনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। শান্তিতে সাধারণ জীবনযাপন করতে চাই। এ সময় তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন।

























