গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী ইউনিয়নের সিঙ্গিপাড়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা ফুরুন মিয়া খাঁ সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

​১৯ নভেম্বর সকাল ১০টায় সিঙ্গিপাড়ায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফুরুন মিয়া খাঁ বলেন, আমার পরিবার ও বংশপরম্পরায় আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। গত ৫ আগস্টের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন মামলা ও হামলার ভয়ে আমি বাধ্য হয়ে বিএনপিতে যোগদান করি। কিন্তু আমার মন ও মননে চিরকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের আদর্শ গভীরভাবে ধারণ করে আছি। তাই আজ থেকে সম্পূর্ণ সজ্ঞানে ও স্বইচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।

​তিনি আরও বলেন, আমি একজন সাধারণ ও গরিব মানুষ। আগামী দিনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। শান্তিতে সাধারণ জীবনযাপন করতে চাই। এ সময় তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন।