‘করব মোরা বৃক্ষরোপণ, রক্ষা করব পরিবেশ’—স্লোগানে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চিথুলিয়ায় পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উদীয়মান সূর্য ফাউন্ডেশন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-শ্যামল গ্রাম গড়ে তোলার লক্ষ্যে এ দীর্ঘমেয়াদি কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রবিউল রানা। এ সময় গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ, উদীয়মান সূর্য ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রবিউল রানা বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ রক্ষায় গাছের অপরিহার্য ভূমিকা তুলে ধরে বলেন, বৃক্ষ নিধনের ফলে শুধু পরিবেশের ভারসাম্যই নষ্ট হচ্ছে না, বরং মানুষের অস্তিত্বও হুমকির মুখে পড়ছে। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগসহ নানা পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই নিজেদের অস্তিত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করে গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।
উদীয়মান সূর্য ফাউন্ডেশনের এ পাঁচ বছর মেয়াদি উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, পরিবেশ সুরক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সম্পৃক্ত করা গেলে পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
উল্লেখ্য, উদীয়মান সূর্য ফাউন্ডেশন দীর্ঘমেয়াদি এ কর্মসূচির মাধ্যমে চিথুলিয়া গ্রামকে সবুজে সমৃদ্ধ করে তোলার পাশাপাশি পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণের গুরুত্ব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
পরিবেশ বাঁচাতে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় উদীয়মান সূর্য ফাউন্ডেশনের এ উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ।

























