১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সাংবাদিকতার ঐক্য, আদর্শ ও ঐতিহ্য ধারণ করে চলা পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ অক্টোবর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হাসান। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিদ্ধান্ত ও গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং চারজন কার্যকরী সদস্যসহ মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে ৭ ও ৮ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর। যাচাই-বাছাই শেষে ১৩ অক্টোবর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আগামী ২২ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে অবস্থিত ভাঙ্গুড়া প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।






























