রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর এলাকায় চুরির সময় স্থানীয় জনতার হাতে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ পূর্ব উদ্যান চোর বাহাদুরপুর দোতলা মসজিদের সামনে চুরির সময় ওই ব্যক্তিকে স্থানীয়রা আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি অটোরিকশার চার্জার, একটি পানির মোটর ও একটি ফ্যান উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, আটক ব্যক্তির বাড়ি ফরিদপুর জেলায়। তাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত এবং এলাকায় পেশাদার চোর হিসেবে পরিচিত।
চুরির ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন।
এ ঘটনায় উদ্ধার হওয়া মালামাল ও আটক ব্যক্তির বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। তবে আটক ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

























