পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মো. সিয়াম নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন ১৮ বছর বয়সী সিয়াম। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার ভোররাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জাগিয়ে নিরাপদে সরিয়ে নেয়। একই সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন।


























