পাবনার ভাঙ্গুড়া উপজেলায় রাত্রিকালীন জরুরি ও বাজার ডিউটি চলাকালে অভিযান পরিচালনা করে ১৮০ পিস কথিত ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আবু হুরাইয়া (২৪) নামের এক যুবককে আটক করা হয়। তিনি ভাঙ্গুড়া উপজেলার মসজিদপাড়া এলাকার মোঃ বারিকের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ১৮০ পিস কমলা রঙের কথিত ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬৯,০০০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকামূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫, তারিখ-১৩ আগস্ট ২০২৬ রুজু করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে সন্দেহজনকভাবে চলাফেরার অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় আরও তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন— মোঃ লিটন (৪০), সাং- চৌবাড়ীয়া ভদ্রপাড়া, মোঃ মোস্তাফিজুর রহমান লিমন (২৮), সাং- চৌবাড়ীয়া ভদ্রপাড়া, মোঃ মাহবুব এলাহী (১৮), সাং- কুমড়াডাঙ্গা
পুলিশ জানায়, সম্ভাব্য অপরাধ ও শান্তিভঙ্গ প্রতিরোধের লক্ষ্যে তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৫১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ জানান, মাদকদ্রব্য সংক্রান্ত মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ১৫১ ধারায় প্রেরিত ব্যক্তিদের বিষয়েও প্রয়োজনীয় অনুসন্ধান চলমান রয়েছে।
পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

























