নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর যুবদল। নৈরাজ্য, সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ আয়োজন করে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো।
গতকাল(২২ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে নজিপুর পৌর শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং বিগত সময়ের মতো বিএনপি রাজ পথেই আছে তারও জানান দেয়।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অসৎ কর্মকাণ্ডের মাধ্যমে যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করার পায়তারা করবে তাদের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে এদেশের জনগনকে সাথে নিয়ে। তারা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানান। তাঁরা বলেন: ধামইরহাট-পত্নীতলায় বিএনপি আগের যেকোন সময়ের চেয়ে অনেক বেশী শক্তিশালী এবং সুসংগঠিত দল। কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক এবং এই আসনের সাবেক এমপি জনাব শামসুজ্জোহা খান’র নেতৃত্বের বিকল্প নাই এই আসনে।
কর্মসূচিতে নেতাকর্মীদের হাতে থাকা ব্যানারে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে—সমাবেশ ও মিছিল’ লেখা দেখা যায়। সচেতন ব্যানারের কর্মসূচিটি উপজেলা বিএনপির সহযোগী সংগঠন পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর যুবদলের আয়োজনে পালন করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৩ জুন, পত্নীতলায় যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কথিত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিল করে পত্নীতলা উপজেলা ও পৌর যুবদল।


























