জয়পুরহাটের কালাই পৌরসভার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি, সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আনিছুর রহমান তালুকদারের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কালাই বাসস্ট্যান্ড চত্বরে কালাই পৌরবাসীর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন তালুকদার। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান তালুকদার বলেন, “বিগত সরকারের সময় নানা প্রতিকূলতা উপেক্ষা করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই। নির্বাচিত হলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব কালাই পৌরসভা গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, “যার কর্মী নেই, সে কোনো নেতা নয়। রাজনীতির নামে নিরীহ মানুষের ওপর কোনো ধরনের নিপীড়ন করা যাবে না। রাজনীতি হবে মানুষের কল্যাণ ও জনসেবার জন্য। আমার কখনো কোটিপতি হওয়ার স্বপ্ন নেই। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে কালাই পৌরসভার মেয়র হিসেবে মানুষের সেবা করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বক্তব্য দেন কালাই পৌর বিএনপির সদস্য রেজাউল ইসলাম, কালাই পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শামীম তালুকদার, অ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার (ডলার), আব্দুল কাইয়ুম, বজলুর রহমান, লুৎফর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কালাই পৌরসভার উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে আগামী নির্বাচনে জনগণের সমর্থন অর্জনে মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা সম্ভাব্য মেয়র প্রার্থী আনিছুর রহমান তালুকদারের পক্ষে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেরক,,,
মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মোবাঃ০১৮৬৬৬৩২৫৯৩
তাং-০৭/০৮/২০২৬ইং

























