দেবীগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
পঞ্চগড়ের দেবীগঞ্জে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লিপন ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে দেবীগঞ্জ পৌরসভার নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক লিপন ইসলাম ওই এলাকার ফরিদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুনের নেতৃত্বে পুলিশের একটি দল নতুন বন্দর এলাকায় অভিযান চালায়। এ সময় লিপন ইসলামের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশ জানায়,জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া বলেন, নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।





























