শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার হাড়িয়াকোনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব প্রসাধনী জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার হাড়িয়াকোনা সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় অভিনব কৌশলে ভারতীয় প্রসাধনী পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানায় বিজিবি। পরে অভিযান চালিয়ে ১১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা সিজার মূল্যমানের ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরল আজিম বায়েজিদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






























