জামালপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে আউটার এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশন অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, নিহত আব্দুল মালেক ওরফে ফজল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসকের পরামর্শ নিতে ময়মনসিংহ মেডিকেল কলেজে যাওয়ার উদ্দেশ্যে জামালপুর রেলওয়ে স্টেশনে এসেছিলেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, ট্রেনটি ছেড়ে দেওয়ার মুহূর্তে তাতে উঠতে গিয়ে পা পিছলে তিনি নিচে পড়ে যান। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জামালপুর রেলওয়ে থানা।

























