উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এম এ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু বিজয়ী হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) জয়পুরহাট বাস টার্মিনাল প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দীর্ঘ গণনা প্রক্রিয়া শেষে রাত ৩টার দিকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল।
সভাপতি পদে এম এ হেলাল ১ হাজার ৯৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার আব্দুল হাফিজ পেয়েছেন ৯২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু ২ হাজার ৮৯০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী ইসলাম হোসেন টুটুল পেয়েছেন ৬৭৫ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল জানান, ইউনিয়নের মোট ৪ হাজার ৭২১ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৬৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে ভোট পড়ার হার দাঁড়িয়েছে প্রায় ৭৭ শতাংশ।
এবারের নির্বাচনে ইউনিয়নের বিভিন্ন পদে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, কার্যকরী সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৫ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী ছিলেন।
এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ৭ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ মিটুল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ ওয়াহাব, কাজী মনজুরে মওলা পলাশ, আনিছুর রহমান লিটন, বাবুল করিম, শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রকৌশলী গোলাম কবির ও সাজ্জাদ হোসেন।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই জয়পুরহাট বাস টার্মিনাল এলাকায় শ্রমিক ও ভোটারদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা যায়। দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হওয়ায় শ্রমিকদের মধ্যেও স্বস্তি দেখা গেছে।

























