পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন। ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাতেও পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা হয়েছে। সকালে উপজেলা মিলনায়তন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচির সাথে যুক্ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে এম হুমায়ুন কবির ও নিজামুল কবির মিরাজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় স্কাউট সদস্যরা। এছাড়া উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা স্টাফ, রাজনৈতিক দলের নেতাকর্মী, স্কাউট দল ও সাধারণ স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় একযোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান শেষে “নিজ আঙিনা পরিষ্কার রাখি, জমে থাকা পানি অপসারণ করি এবং সবাই মিলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মঠবাড়িয়া গড়ে তুলি”—এই স্লোগানে এলাকাবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

























