রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আয়নাল মাতবরের পাড়ায় জমে উঠেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় যাত্রাপালার দ্বিতীয় রজনী। এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
দ্বিতীয় রজনীতে যাত্রাপালার মঞ্চ পরিদর্শনে উপস্থিত হন দৌলতদিয়ার পরিচিত মুখ ও মানুষের সুখে-দুঃখে পাশে থাকা মো. আয়ুব আলী খান, সাবেক সাধারণ সম্পাদক, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি এবং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
এ সময় প্রায় ৫০টি মোটরসাইকেলের বহর নিয়ে আয়ুব আলী খান যাত্রাপালা ও মেলা পরিদর্শন করেন। মাঠে উপস্থিত সাধারণ মানুষ, দর্শনার্থী ও স্থানীয়দের সঙ্গে তিনি কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এতে আয়োজক ও দর্শনার্থীদের মধ্যে উৎসবের আমেজ আরও বেড়ে যায়।
যাত্রাপালা কমিটির পক্ষ থেকে আয়ুব আলী খানকে সম্মাননা জানানো হয়। পাশাপাশি তিনি আয়োজক কমিটিকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
যাত্রাপালা পক্ষ থেকে আলক সরকার বলেন, “এমন সুন্দর একটি গ্রামবাংলার যাত্রাপালার আয়োজন এলাকার মানুষের মুখে হাসি ফুটিয়েছে এবং সবার মাঝে আনন্দের অনুভূতি তৈরি করেছে। এ ধরনের আয়োজন আমাদের লোকজ সংস্কৃতিকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আয়োজকদের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের যাত্রাপালাকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে আয়োজনে সহযোগিতা ও রাজু হাসান ভাইয়ের ভূমিকার প্রশংসা করছেন স্থানীয়রা।
সব মিলিয়ে আয়নাল মাতবরের পাড়ার যাত্রাপালার দ্বিতীয় রাত পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী যাত্রাগানকে ঘিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দ-উচ্ছ্বাস যেন ফিরিয়ে এনেছে পুরোনো দিনের সেই সাংস্কৃতিক আবহ।

























