রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রেনের ধাক্কায় আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কুরাপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফিয়ানা জান্নাত মুমু ঢাকার দৌলতপুর এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামে নানাবাড়িতে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে মুমুকে কুরাপাড়া রেলগেট এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। বেলা ১১টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের সামনে চলে যান। এতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা মুমুকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের মা আমেনা বেগম বলেন, ‘আমার মেয়ে বিবাহিত। তবে সে নানাবাড়িতে থাকত। আমরা ঢাকায় থাকি। কেন সে ট্রেনের সামনে গেছে, তা আমরা জানি না।’
মুমুর স্বামী আকাশ আলী বলেন, সকালে মুমু তাঁর কাছে মোবাইল ফোন চেয়েছিল। কাজে যাওয়ার সময় তিনি ফোনটি সঙ্গে নিয়ে যান। মুমু কখন বাড়ি থেকে বের হয়েছে, তা তিনি জানেন না। পরে ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যুর খবর পান।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

























