রংপুরের কাউনিয়ায় ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭৫ লাখ ৫ হাজার ৫০০ টাকার রাজস্ব ও মূলধনি বাজেট ঘোষণা করা হয়।
বুধবার রাতে রেলবাজারে সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন সমিতির সম্পাদক সারওয়ার আলম মুকুল। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আব্দুস ছালাম।
সভায় বক্তব্য দেন সমিতির সহসভাপতি আলহাজ মঞ্জুর আলম, পরিচালক আনোয়ার হোসেন, শাহজাহান মন্ডল ও নজরুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ মজিবর রহমান ও আলহাজ মিনহাজুর রহমান হেনা, সাবেক পরিচালক আকবর আলী সরকার এবং সদস্য আতাউর রহমান, শাহাবুদ্দিন সরকার, আমিন উল্ল্যাহ, আলহাজ সাইফুল ইসলাম, আঃ আজিজ সরকার, নাজির উদ্দিন, দুদু মিয়া ও তোছাদ্দেক হোসেন মিন্টুসহ সমিতির সদস্যরা।
আলোচনা শেষে সমিতির অডিট রিপোর্ট অনুযায়ী সদস্যদের মধ্যে মোট ৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা লভ্যাংশ বিতরণ করা হয়।
বার্ষিক সাধারণ সভায় কাউনিয়া শপিং সেন্টারে জমিসহ দোকান বরাদ্দ নেওয়া, বৃক্ষরোপণ কর্মসূচি পালন, বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখা, কন্যাদায়গ্রস্ত পিতাকে আর্থিক সহায়তা, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সম্প্রতি মৃত্যুবরণকারী সমিতির তিন সদস্যসহ সকল মৃত সদস্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিমিটেড স্থানীয় ব্যবসায়ী ও সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

























