পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।
শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজশাহীর আরডিএ পার্কে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
অনুষ্ঠানে জানানো হয়,প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং রাজশাহীকে আরও সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে আরডিএ। এ কর্মসূচির আওতায় প্রতিবছর পাঁচ হাজার করে মোট পাঁচ বছরে ২৫ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন সড়ক, পার্ক, উন্মুক্ত স্থান ও আরডিএর বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেরও ব্যবস্থা করা হবে, যাতে দীর্ঘমেয়াদে এ কর্মসূচির সুফল রাজশাহীবাসী ভোগ করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, “জননেতা তারেক রহমানের উদ্যোগে সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার ধারাবাহিকতায় আমরা আরডিএ পার্কে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। আমরা আগেও গাছ লাগিয়েছি, আবারও নতুন উদ্যমে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা করা হবে। ভবিষ্যতে এসব গাছের ফল, ফুল ও ছায়া রাজশাহীর মানুষ ভোগ করবে।”
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নগর উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও আরডিএ সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মাদ মাহবুবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম হীরক, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. এনামুল হক এম।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মো. মারুফ হোসেন জীবন, মো. শফিকুল ইসলাম শ্যামল, মোহাম্মদ জয়নাল আবেদীন, মো. নাইম ইসলাম, মোহাম্মদ তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, মোহাম্মদ আজিম উদ্দিন সোহাগ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিরা আরডিএ পার্কে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকদের আশা, এ কর্মসূচির মাধ্যমে রাজশাহীতে সবুজায়নের পরিধি আরও বিস্তৃত হবে এবং নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
















