বাংলাদেশের উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং টেকসই শিক্ষাব্যবস্থার অন্যতম ভিত্তি হলো গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত বিভিন্ন কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) এবং জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)-এর মাধ্যমে প্রতিবছর হাজারো মেধাবী তরুণ-তরুণী শিক্ষকতা পেশায় যুক্ত হন। তাঁদের অনেকেই শহরের আরামদায়ক জীবন, উন্নত সুযোগ-সুবিধা এবং বিকল্প কর্মসংস্থানের সম্ভাবনা ছেড়ে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করছেন।
দেশের হাজারো উচ্চশিক্ষিত শিক্ষক সীমিত সুযোগ-সুবিধা, অবকাঠামোগত সংকট এবং সামাজিক নানা চ্যালেঞ্জের মধ্যেও গ্রামীণ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। তাঁদের প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানরাও উচ্চশিক্ষা, সরকারি চাকরি, চিকিৎসা, প্রকৌশল, প্রশাসন ও গবেষণার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছে।
এরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মেধাবী তরুণ-তরুণী। বিসিএস শিক্ষা ক্যাডার (সরকারি কলেজসমূহ), সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও প্রত্যন্ত গ্রামের স্কুল-কলেজ-মাদ্রাসাসহ কারিগরিতে কর্মরত। তাঁদের অনেকেই নিজ বাড়ি ও শহুরে জীবন থেকে দূরে থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলছেন।
বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম, চরাঞ্চল, হাওর, পাহাড়ি এলাকা এবং সুবিধাবঞ্চিত জনপদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেই তাঁদের অবদান সবচেয়ে বেশি দৃশ্যমান। অনেক স্থানে ঘণ্টার পর ঘণ্টা এখনো বিদ্যুৎ বিভ্রাট, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত শিক্ষা-উপকরণের অভাব এবং অবকাঠামোগত দুর্বলতা রয়েছে। তবুও এসব প্রতিকূলতা অতিক্রম করে শিক্ষকরা নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন।
শিক্ষানুরাগীদের মতে, একটি দেশের উন্নয়নের প্রকৃত ভিত্তি তৈরি হয় শ্রেণিকক্ষে। শিক্ষক শুধু পাঠ্যসূচি শেষ করেন না; তিনি একজন শিক্ষার্থীর মধ্যে নৈতিকতা, মানবিকতা, যুক্তিবোধ, নেতৃত্ব, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলেন। আজকের একজন চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক, বিচারক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সেনা কর্মকর্তা, উদ্যোক্তা কিংবা গবেষকের সাফল্যের পেছনে কোনো না কোনো পর্যায়ে একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের অবদান রয়েছে (তবে ব্যতিক্রম উদাহারণ নয়)।
প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষক নির্ধারিত শ্রেণিকক্ষের বাইরে অতিরিক্ত সময় দিয়ে শিক্ষার্থীদের পড়ান। অনেক ক্ষেত্রে অর্থ ব্যয় করে দরিদ্র শিক্ষার্থীদের খাতা-কলম, বই কিংবা পরীক্ষার ফি পরিশোধে সহায়তা করেন। কেউ কেউ প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যেও নিজ উদ্যোগে ডিজিটাল শিক্ষা উপকরণ তৈরি করেন। প্রতিষ্ঠানের পাঠদান ছাড়াও সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা, বিজ্ঞানচর্চা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রতিদিনের শ্রেণিকক্ষে, পাবলিক পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি কিংবা সংকটময় পরিস্থিতিতেও শিক্ষকদের এই অবদান স্পষ্টভাবে প্রতিফলিত হয়। বিদ্যালয় খোলা থাকুক বা না থাকুক, শিক্ষার্থীদের শিক্ষা যেন ব্যাহত না হয়—সে জন্য অনেক শিক্ষক ব্যক্তিগত উদ্যোগে বিকল্প উপায়ে পাঠদান অব্যাহত রাখেন।
শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মতে, বিসিএস ক্যাডার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং এনটিআরসিএ-নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরির কাঠামো, সুযোগ-সুবিধা ও সামাজিক মর্যাদায় দীর্ঘদিন ধরে বৈষম্য নিয়ে আলোচনা রয়েছে। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত অনেক শিক্ষক মনে করেন, সীমিত বেতন-ভাতা, অবকাঠামোগত সংকট এবং সামাজিক অবমূল্যায়নের মধ্যেও তাঁদের ওপর শিক্ষার মান ধরে রাখার বড় দায়িত্ব বর্তায়।
বিশেষজ্ঞদের মতে, শিক্ষা খাতে বিনিয়োগকে ব্যয় হিসেবে নয়, বরং দীর্ঘমেয়াদি জাতীয় উন্নয়নের বিনিয়োগ হিসেবে দেখা উচিত। একই সঙ্গে শিক্ষকতা পেশাকে আরও আকর্ষণীয়, মর্যাদাপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা হলে মেধাবী তরুণদের এই পেশায় আগ্রহ আরও বাড়বে।
সমালোচনা ও সংস্কারের প্রয়োজন অবশ্যই রয়েছে। তবে তা হওয়া উচিত তথ্যভিত্তিক, দায়িত্বশীল এবং গঠনমূলক। কারণ কোনো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সমগ্র শিক্ষক সমাজকে মূল্যায়ন করলে সেই মূল্যায়ন ন্যায্য হয় না। দেশের লাখো শিক্ষক প্রতিদিন নীরবে তাঁদের দায়িত্ব পালন করছেন, যার সুফল পাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম।
বাংলাদেশের ভবিষ্যৎ কেবল রাজধানীর বহুতল ভবনে নয়, গড়ে ওঠে গ্রামের ছোট্ট একটি শ্রেণিকক্ষে। আর সেই শ্রেণিকক্ষের সামনে দাঁড়িয়ে থাকা উচ্চশিক্ষিত শিক্ষকই নীরবে গড়ে তুলছেন আগামী দিনের বাংলাদেশ। যে মেধাবীরা গ্রামে থাকেন, তাঁদের হাত ধরেই এগিয়ে যায় দেশ—এ কথা আজ আর শুধু আবেগ নয়, জাতীয় উন্নয়নের এক বাস্তব সত্য।

























