পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হওয়ার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় দিনব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।
শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে সমিতির উদ্যোগে পিকআপ ভ্যান ও অন্যান্য যানবাহনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, মসজিদ এবং স্থানীয় জনসাধারণের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা পৌঁছে দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণে চারা রোপণ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় ময়দানহাটা মোশাররফ হোসেন কলেজ, আলিয়ার হাট রোকেয়া সাত্তার উচ্চ বিদ্যালয়, বেতগাড়ী মিরবাড়ী এতিমখানা ও মসজিদ, আমতলী মডেল একাডেমি ও স্কুল, ময়দানহাটা মাদ্রাসা ও এতিমখানা, আমতলী আল ফুরকান একাডেমি এবং বেতগাড়ী হাজীপাড়া মসজিদসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা-এর সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নাছিমুল গনি, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক, সমাজসেবা সম্পাদক মোফাচ্ছের আলী, নির্বাহী সদস্য ইস্রাফিল, সদস্য ও আকাশ-জমিন পত্রিকার সম্পাদক মীর লিয়াকত আলী এবং ময়দানহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুল আলম মানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন মাছুদার রহমান হেলাল, আব্দুল আজিজ, আশরাফুল হক ডনি, মেহেদুল ইসলাম, রাশেদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোকসেদুর রহমান, আব্দুল লতিফ মন্ডল, সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের শিক্ষক, ইমাম, শিক্ষার্থী এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি গাছ, একটি প্রাণ—গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, মানবকল্যাণ এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

























