বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাইস মিলের ট্রান্সফরমার চুরি করতে এসে মিল মালিক মোহাম্মদ আলী সরকার (৫০)-কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আটমূল ইউনিয়নের পুটখুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৩) এবং কাঠগড়া গ্রামের আব্দুল বারিক সাকিদারের ছেলে মোঃ আব্দুল আলিম (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মোহাম্মদ আলী সরকার নিজ বাড়িতে রাতের খাবার শেষে স্থানীয় ফুলতলা ঈদগাহ মাঠ সংলগ্ন তার রাইস মিলে পাহারা দিতে যান। রাত দেড়টার দিকে ৫ থেকে ৬ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল মিলের ট্রান্সফরমার চুরি করতে সেখানে আসে।
এ সময় মোহাম্মদ আলী সরকার তাদের বাধা দিলে ডাকাতরা তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তিনি ডাকাতদের চিনে ফেলেছেন—এমন আশঙ্কায় তার মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ডাকাত দল ট্রান্সফরমার চুরি করে পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন জানান, প্রথমদিকে ঘটনাটি ক্লুলেস মনে হলেও পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন তথ্য এবং নিবিড় তদন্তের মাধ্যমে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মোঃ তরিকুল ইসলাম 























