‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাবরিনা শারমিন, পৌরসভার সচিব মো. মিজানুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তাকারী কমিটির সদস্যসহ কর্মকর্তা-কর্মচারীরা সচেতনতামূলক র্যালিতে অংশ নেন।
র্যালির মাধ্যমে জনসাধারণকে নিজ নিজ বাড়ির আঙিনা, আশপাশের এলাকা ও জনসাধারণের চলাচলের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তার ঘটতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও তা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসন বা পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয়; এজন্য সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ও এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




























