নেছারাবাদ উপজেলার সোহাগদল বরছাকাঠী এলাকা থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রাজ্জাক ওরফে রাজু (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত রাজু স্থানীয় মৃত রুহুল আমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহুরুল ইসলাম ও এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একটি টিম নেছারাবাদের সোহাগদল বরছাকাঠী ৪নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় ৯ পিস ইয়াবাসহ রাজুকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত রাজ্জাক ওরফে রাজুর বিরুদ্ধে নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ১৫, তারিখ- ২১/০৮/২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে তাকে সেদিনই জেলহাজতে প্রেরণ করা হয়।
নেছারাবাদ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় বা সুপারিশ দেওয়া হবে না। এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের চিহ্নিত করে এই চক্রকে দমন করতে সুশীল সমাজসহ সাধারণ নাগরিকদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

























