নিজস্ব প্রতিবেদক, জামালপুর | ১৮ জুলাই ২০২৬
জামালপুরে রেলের অনলাইন টিকিট কালোবাজারি বিরোধী বিশেষ অভিযানে দুই পেশাদার টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০টি আসনের ১০টি অনলাইন টিকিট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর রেলওয়ে থানার আওতাধীন মেলান্দহ রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. বিল্লাল (৩০) ও মো. সিরাজুল ইসলাম (৩০)। রেলওয়ে পুলিশের তথ্যমতে, তাদের কাছ থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের মেলান্দহ-ঢাকা রুটের মোট ৩০টি আসনের ১০টি অনলাইন টিকিট উদ্ধার করা হয়।
এর মধ্যে মো. বিল্লালের হেফাজত থেকে তিস্তা এক্সপ্রেসের ১৮টি আসনের ৭টি টিকিট এবং মো. সিরাজুল ইসলামের হেফাজত থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ১২টি আসনের ৩টি টিকিট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে, তারা পরিচিত ব্যক্তিদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আগাম অনলাইনে ট্রেনের টিকিট সংগ্রহ করতেন। পরে এসব টিকিট সংরক্ষণ করে চাহিদা অনুযায়ী যাত্রীদের কাছে দ্বিগুণ দামে বিক্রি করতেন। এছাড়া তারা স্টেশনের বিভিন্ন স্থানে অবস্থান করে ঢাকাগামী যাত্রীদের কাছেও টিকিট বিক্রি করতেন।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)।




















