চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ০১নং ওয়ার্ডে সদ্য এস.এস.সি ও দাখিল পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকাল ৩টায় উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয় হলরুমে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ০১নং ওয়ার্ড শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন রাহাত চৌধুরী। এরপর নাতে রাসুল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মেজবাহ চৌধুরী। অনুষ্ঠানে ধর্মপুর ০১নং ওয়ার্ডের ৪২ জন কৃতী শিক্ষার্থী, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সদ্য এস.এস.সি ও দাখিল পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তাঁদের কৃতিত্বের স্বীকৃতি ও ভবিষ্যৎ পথচলায় উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয়, মানিকপুরের প্রধান শিক্ষক ও উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বটন কুমার দে। মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আইনজীবী এবং উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মোস্তফা করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি ‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ফরিদুল আলম, জাহানপুর আমজাদ আলী ইন্সটিটিউশনের সহকারী প্রধান শিক্ষক খোরশেদুল আলম, উত্তর নিশ্চিন্তাপুর ছাপা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম, উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ বড়ুয়া, মাইজভাণ্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রফিকুল আলম, ধর্মপুর আবেদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বেলাল উদ্দীন, উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ ও রবিউল হোসেন এবং রোসাংগিরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মহসিন কায়সার।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রফিকুল আলম, নিলয় গ্রাফিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেন, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিউল বশর, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার কর্মকর্তা মহিউদ্দিন পিয়ারু, আরিফুল ইসলাম, রোকনসহ ধর্মপুর ০১নং ওয়ার্ড শাখার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের পরিবারের নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেও শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, মাইজভাণ্ডারী দর্শনের মানবপ্রেম, নৈতিকতা, সাম্য, সহমর্মিতা ও সেবার আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যের পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের উপস্থিতি ও আনন্দ-উচ্ছ্বাসে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ০১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক এবং উত্তর সর্ত্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আলী।
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

























