নওগাঁর মান্দায় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহিত লোকমোর্চা সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) বাস্তবায়নাধীন “জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)” প্রকল্পের অংশ হিসাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও লোকমোর্চা প্রতিনিধি সহ ২০জন অংশগ্রহণ করেন।
বিএসডিও-গেটকা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আব্দুর রহমান এর সঞ্চালনায় এবং মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন গেটকা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান। সভায় উপজেলা কৃষি অফিসার শায়লা শারমিন, ভেটেরিনারি সার্জন ডাঃ মো. আমিনুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আসাদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সহকারী মৎস্য কর্মকর্তা মোজাফফর হোসেন, উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন মো. নজরুল ইসলাম, যুব প্রতিনিধি ফারজানা আক্তার ও প্রকল্প স্টাফরা অংশগ্রহণ করেন। সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে আলোচিত সমস্যাগুলো উপস্থাপন করেন যুব প্রতিনিধি ফারজানা আক্তার। এ সময় ইউনিয়নের সমস্যাগুলি সমাধানের জন্য তিনি সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় উপস্থিত সরকারি কর্মকর্তারা দুর্যোগ মোকাবিলায় তাদের স্ব স্ব বিভাগের প্রস্তুতি কথা তুলে ধরেন এবং প্রয়োজনীয় নীতিমালা অনুসরণে প্রান্তিক জনগোষ্ঠীকে দুর্যোগকালীন সহায়তা এবং দুর্যোগ থেকে সুরক্ষার পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুন তাঁর বক্তব্যে বলেন, ইউক্যালিপটাস গাছ কর্তনের জন্য লোকমোর্চা ও যুব ফোরাম যে উদ্যোগ নিয়েছে তা প্রসংশনীয়। কেউ যদি একটি ইউক্যালিপটাস গাছ কাটে তাকে উপজেলা পরিষদ থেকে ৫টি ফলজ গাছ প্রদান করা হবে। তথ্য প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনে ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বাজারজাতে নিরুৎসাহিত করার জন্য মোবাইল কোট পরিচালনা করা হবে। এ সময় গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের জন্য সরাসরি স্থানীয় সরকার বিভাগে আবেদন করার জন্য তিনি লোকমোর্চা সদস্যদের পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য বিএসডিও এবং ওয়েভ ফাউন্ডেশন অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রপের কারিগরী সহায়তায় নওগাঁ জেলার সাপাহার, মহাদেবপুর ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০ মাস মেয়াদী গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।

























